টেলিকমের নতুন সচিবের সংবর্ধনা

১৯ জুন, ২০২৪ ২২:০৪  

কোরবানির ঈদ ঘিরে টানা পাঁচ দিনের ছুটি শেষে বুধবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিলো অনেকটাই কম। যদিও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রথম কর্মদিবসে বেশিরভাগ কর্মচারীই অফিস করছেন, কেউ হয়ত আসতে দেরি করেছেন।

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও সবাই ঈদ আনন্দে মেতে উঠেন। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তবে এক্ষেত্রে একটু বেশি কর্মচাঞ্চল ছিলো সচিবালয়ের চতুর্থ তলার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। কেননা, এদিনে সচিবালয়ের নবযোগদানকৃত সচিব ড. মোঃ মুশফিকুর রহমানের সংবর্ধবনা এবং আবু হেনা মোরশেদ জামান এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান ছিলো।

অনুষ্ঠানে দুই সচিবের হাতে ফুলের তোড়া তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে নতুন এবং বিদায়ী দুই সচিবই বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি মির্জা কামাল আহম্মদ, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক কে এম হাবিবুর রহমান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক তরুন কান্তি সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।